Views Bangladesh Logo

সৌদির সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। চুক্তিটি কার্যকর হলে সৌদি আরব নিজস্ব বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পাবে। এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এবং ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুধবার সৌদি আরবের সঙ্গে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর ও ঘোষণা করার পরিকল্পনা করেছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক সুফল আসবে।

অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ৩০ বছরের মেয়াদি এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারায় বলা হয়েছে, যৌথ সমীক্ষায় প্রয়োজনীয়তা নিশ্চিত হলে মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (এনরিচমেন্ট) স্থাপনা নির্মাণ করবে।

তবে সম্ভাব্য এই চুক্তি নিয়ে উদ্বেগও রয়েছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের কয়েকজন আইনপ্রণেতা এবং ইসরায়েলের কিছু কর্মকর্তা সৌদি আরবের জন্য বেসামরিক পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করেছেন।

তাদের আশঙ্কা, বেসামরিক কর্মসূচির আড়ালে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথ তৈরি হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ