যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল খারিজ
লেখক ও টিভি উপস্থাপক ই. জিন ক্যারলের করা যৌন নিপীড়ন ও মানহানি মামলায় ডোনাল্ড ট্রাম্পের আপিলের চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। ক্যারলকে দেওয়া ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণের রায় বাতিলের আবেদন সোমবার খারিজ করেছে মার্কিন সুপ্রিম কোর্ট।
ট্রাম্পের আইনজীবীরা প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়মুক্তির বিষয়টি বিবেচনার অনুরোধ করেছিলেন। তবে আদালত সেই আবেদনসহ সংশ্লিষ্ট আরও কয়েকটি আবেদন প্রত্যাখ্যান করেছে। ফলে ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানির জন্য ট্রাম্পকে ক্ষতিপূরণ দেওয়ার জুরিদের সর্বসম্মত রায় বহাল থাকল।
নব্বইয়ের দশকের মাঝামাঝি নিউইয়র্কের একটি বিলাসবহুল বিপণিবিতানে ট্রাম্প তাঁকে যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করেন ক্যারল। ২০২৩ সালের বিচারে জুরি ট্রাম্পকে যৌন নিপীড়নের জন্য দায়ী সাব্যস্ত করে এবং ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ট্রাম্প অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
এদিকে ক্যারল সম্পর্কে ২০১৯ সালে ট্রাম্পের করা মন্তব্যের জেরে করা আরেকটি মামলায় ৮ কোটি ৩০ লাখ ডলারের ক্ষতিপূরণের রায় রয়েছে। সেটি বাতিলের জন্য ট্রাম্প ও মার্কিন বিচার বিভাগ যে আবেদন করেছে, সে বিষয়ে সুপ্রিম কোর্ট এখনো সিদ্ধান্ত নেয়নি।
ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান বলেছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট। তাঁর ভাষায়, এর ফলে ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানি করার বিষয়ে জুরিদের রায় চূড়ান্ত হলো।
মতামত দিন