ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের কোনো জাহাজে সরাসরি হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে ইরানি তেলবাহী জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়া হলেও সরাসরি হামলার ঘটনা ঘটেনি।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর আওতায় ইরান কোনো ট্যাংকারে হামলা চালালে পাল্টা জবাব হিসেবে ইরানি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হবে।
হামলার সময় দুটি ট্যাংকার ইরানের উপকূলের কাছে মার্কিন নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজ দুটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের হামলার প্রতিশোধ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টা ঠেকাতেও যুক্তরাষ্ট্র বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে।
সূত্র: এক্সিওস
মতামত দিন