যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানে তিন পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর এবং মাহদাভিয়ান বিমানবাহিনীর পাইলট ছিলেন।
তবে হামলার সময় ওই তিন পাইলট যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। একই সময়ে নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন প্রাণ হারিয়েছেন।
ইরানি কর্মকর্তারা হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাকেও মার্কিন হামলার সঙ্গে যুক্ত করেছেন। তবে ওই ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে খুজেস্তানে নিহত নৌবাহিনীর ছয় সদস্য আগে প্রকাশিত সাতজন নিহতের তালিকার মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। ফলে ইরানের প্রকাশিত নিহতের সংখ্যার মধ্যে কোনো পুনরাবৃত্তি রয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এএফপি
মতামত দিন