যুক্তরাষ্ট্রে ঝড়-বন্যা: ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখের বেশি মানুষ
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশটির মধ্যাঞ্চল ও পূর্ব উপকূলজুড়ে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে ব্যাহত হয়েছে সড়ক ও আকাশপথে যোগাযোগ।
ঝড়ের প্রভাবে ৪৫১টি ফ্লাইট বাতিল, দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেডও নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি।
বার্তা সংস্থা আনাদোলু, বিবিসি ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে শক্তিশালী নরইস্টার ঝড় আঘাত হানে। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও প্রবল বাতাস থাকায় দেশজুড়ে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যাতায়াত এবং উৎসব আয়োজন ব্যাহত হয়।
ঝড়ের প্রভাবে বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় সবচেয়ে বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের লাইনের ক্ষয়ক্ষতির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া পূর্ব উপকূলের কয়েকটি এলাকায় বন্যার খবর পাওয়া গেছে।
বিমান চলাচলেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ৪৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুই হাজারেরও বেশি ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব হয়েছে। এর মধ্যে দেশটির পূর্বাঞ্চলের বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। ছুটির সময়ে পরিবারের সঙ্গে মিলিত হতে যাত্রা করা অসংখ্য যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
ঝড়ের কারণে নিউইয়র্কের অন্যতম বড় বার্ষিক আয়োজন ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়নি। প্রায় ১০০ বছরের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর বন্ধ থাকার ঘটনা বাদ দিলে বৃহস্পতিবারের নির্ধারিত আয়োজন পিছিয়ে দেওয়ার নজির নেই।
ম্যানহাটনের রাস্তাজুড়ে বিশাল আকৃতির রঙিন বেলুন, সংগীত ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে প্রতিবছর এই প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে এবং আয়োজন উপভোগ করতে লাখ লাখ মানুষ সমবেত হন। তবে এবার ঝোড়ো বাতাসে বড় বেলুন ও অন্যান্য সরঞ্জাম নিয়ন্ত্রণের ঝুঁকি থাকায় আয়োজকেরা নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্যারেডের তারিখ পরিবর্তন করেন।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক ভিডিওবার্তায় জানান, আবহাওয়ার বিরূপ পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্যারেডটি আগামী ২৮ নভেম্বর শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নগরবাসীকে নিরাপদে অবস্থান করার পাশাপাশি জলাবদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন।
ম্যাসিস প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস বলেন, আয়োজন পিছিয়ে দিতে হওয়ায় তাঁরা হতাশ। তবে সহযোগী, অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের নিরাপত্তাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার বাইরে বিভিন্ন স্থানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রবল বাতাস ও অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে গাছ উপড়ে পড়েছে। এসব গাছ বিদ্যুতের তার ও বাড়িঘরের ওপর পড়ে বিদ্যুৎ সরবরাহ এবং স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে।
গত ১৯৯৭ সালেও প্যারেড চলাকালে প্রবল বাতাসে ১৮ ফুট উঁচু ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের একটি বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির ওপর পড়ে যায়। এতে একজন দর্শক জ্ঞান হারিয়েছিলেন। এবারও একই ধরনের দুর্ঘটনার আশঙ্কা এড়াতে আয়োজকেরা বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন।
মতামত দিন