Views Bangladesh Logo

ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত, মোট মৃত্যু ১৭

উত্তর ইরাকে ভূপাতিত করা একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে আরও এক মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত ১৮ জুলাই ড্রোনটির অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় ওই সেনা সদস্য নিহত হন। তবে নিরাপত্তাজনিত কারণে নিহত ও আহত সেনাসদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সেন্টকমের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত শুক্রবার জর্ডানে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত এবং একজন নিখোঁজ হন। সেন্টকম জানিয়েছে, ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। নিহতেদের পরিচয় নিশ্চিত করতে তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উচ্চ বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন 'শাহেদ' ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন তৈরিতে খরচ হয় প্রায় ৩০ হাজার মার্কিন ডলার। তুলনামূলক কম খরচের হওয়ায় এসব ড্রোন ব্যাপকভাবে মোতায়েন করা সম্ভব হলেও, এগুলো প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম পড়ে কয়েক মিলিয়ন ডলার। তা সত্ত্বেও এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব সময় ড্রোন ধ্বংসে সফল হয় না।

রোববারও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ ইরানের সিরিক শহরের কাছে এবং ইরাক সীমান্তবর্তী শাদেগান এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে চলমান এই সংঘাতে ইরান ও লেবাননে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতির আশঙ্কাও বেড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ