ইসরায়েলের কাছে ২৮০ কোটি ডলারের বোমা বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের কাছে ২৮০ কোটি (২.৮ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের একটি বিশাল অস্ত্র প্যাকেজ বিক্রির পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত এই চালানের মধ্যে অতি ধ্বংসাত্মক ২০ হাজার ‘এমকে ৮৪’ এবং ২০ হাজার ‘বিএলইউ-১১৭’সহ মোট ২০০০ পাউন্ডের ভারী বোমা রয়েছে।
অস্ত্র বিক্রির বিষয়টি মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ প্রথম এই খবর প্রকাশ করে। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর ২০০০ পাউন্ডের বোমার ব্যাপক ব্যবহার ইতিমধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ পরিচালিত এক তদন্তে গাজায় গণহত্যার প্রমাণ মিললেও তা শুরু থেকেই অস্বীকার করে আসছে ইসরায়েল।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন আশঙ্কাজনকভাবে কমেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ মার্কিন নাগরিক এবং ৬৬ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক মনে করেন ওয়াশিংটন ইসরায়েলকে মাত্রাতিরিক্ত সমর্থন দিচ্ছে।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। দুই পক্ষের এই ধারাবাহিক সংঘাত ও লেবাননে ইসরায়েলি অভিযানে নতুন করে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: রয়টার্স
মতামত দিন