ইরানের স্কুলে হামলার জবাবদিহি চাইলেন মার্কিন সিনেটর
ইরানে একটি স্কুলে হামলায় ১৭০ জনের বেশি স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় জবাবদিহি দাবি করেছেন মার্কিন সিনেটর রাফায়েল ওয়ারনক। তিনি বলেন, ইরানে শতাধিক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা বিশ্ববাসীর বিবেককে নাড়া দেওয়া এবং গভীর শোক ও উদ্বেগের কারণ হওয়া উচিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ও একজন পাদ্রি হিসেবেও পরিচিত এই মার্কিন সিনেটর বলেন, এমন মর্মান্তিক ঘটনার যথাযথ জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য শিক্ষা নেওয়া জরুরি। এদিকে হামলার জন্য ইরান মার্কিন-ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওয়ারনক বলেন, 'যে জাতির নেতারা শিশুমৃত্যুকে এত সহজে উপেক্ষা করতে পারেন, কারণ যাই হোক না কেন, সেই জাতির নৈতিক অবস্থান পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।'
তিনি আরও বলেন, 'আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে ইরানের শিশুরাও সৃষ্টিকর্তার সন্তান।'
রাফায়েল ওয়ারনক যুক্তরাষ্ট্রের সিনেটে থাকা ৪০ জন ডেমোক্র্যাট সিনেটরের একজন, যারা গত বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে ইরানে বেসামরিক হতাহতের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন। চিঠিতে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও উল্লেখ করা হয়, যেখানে অন্তত ১৭০ জন স্কুলছাত্রী নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে