Views Bangladesh Logo

ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে সিনেটে ভোট শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে সিনেটে ভোটাভুটি শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে এই বিলটি গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি ঘিরে রিপাবলিকানদের ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে।

বিলটির মূল লক্ষ্য কর ছাড় সুবিধা বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক খাতে বাজেট কমানো। এতে করে প্রায় দুই কোটি মানুষ স্বাস্থ্যসেবা সুবিধা হারানোর আশঙ্কা করা হচ্ছে, যা নিয়ে রিপাবলিকানদের মধ্যেই চলছে তীব্র বিতর্ক।

ডেমোক্রেটিক পার্টি শুরু থেকেই বিলটির বিরোধিতা করে আসছে। তাদের দাবি, এ প্রস্তাব দরিদ্র ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা এবং কল্যাণ কর্মসূচিতে বড় ধরনের সংকট তৈরি করবে।

সোমবার (৩০ জুন) সিনেটে ‘ভোট-অ্যা-রামা’ নামে টানা ভোট গ্রহণ শুরু হয়। যেখানে বিলের বিভিন্ন সংশোধনী নিয়ে আলোচনা ও ভোটাভুটি হচ্ছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন জানিয়েছেন, বিতর্কিত কয়েকটি বিষয়ে এখনও সমঝোতার চেষ্টা চলছে।

বিলটি সিনেট পাস করলেও সেটি আবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হবে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদী, বিলটি সময়মতো পাস হবে।”

এদিকে, টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক জানিয়েছেন, বিলটি পাস হলে তিনি নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের উদ্যোগ নেবেন। তার অভিযোগ, “বিলটি যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও বাড়িয়ে দেবে, যা ইতোমধ্যে ৩৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।”

উল্লেখ্য, বিলটি পাসের জন্য রিপাবলিকানদের হাতে সর্বোচ্চ তিনটি ভোট হারানোর সুযোগ রয়েছে। যদি সমান ভোট হয়, সে ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ভাঙার ভোট দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ