Views Bangladesh Logo

ভারত-চীনসহ পাঁচ দেশে ১০০ শতাংশ শুল্কের পথে যুক্তরাষ্ট্র, সিনেটে বিল পাস

রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানির অভিযোগে ভারত ও চীনসহ শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পথ আরও সুগম হলো যুক্তরাষ্ট্রের জন্য। স্থানীয় সময় শুক্রবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ব্যাপক ব্যবধানে পাস হয়েছে এ সংক্রান্ত একটি বিল।

‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এই বিলটি সিনেটে ৮৬-১১ ভোটে পাস হয়। এটি মূলত রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি নিষেধাজ্ঞা প্যাকেজ, যার মূল উদ্যোক্তা ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত ১১ জুলাই তার আকস্মিক মৃত্যুর পর বিলটি তার নামে নামকরণ করে পুনরায় সংশোধিত আকারে সিনেটে তোলা হয়।

বিলের মূল লক্ষ্য, ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার কাছ থেকে ব্যাপক মাত্রায় জ্বালানি তেল ও গ্যাস কিনে মস্কোর যুদ্ধ-তহবিলে অর্থ জোগান দেওয়া দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। এই বিধান অনুযায়ী, রাশিয়ার তেল-গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট। এ ছাড়া রাশিয়া থেকে সরাসরি আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত করার সুযোগও রাখা হয়েছে বিলে। তবে যেসব দেশ রাশিয়া থেকে তাদের মোট প্রাকৃতিক গ্যাস আমদানির ১৫ শতাংশের কম গ্রহণ করে এবং এই নির্ভরতা কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে, তাদের জন্য ছাড়ের সুযোগও রাখা হয়েছে।

জ্বালানি নিষেধাজ্ঞার পাশাপাশি বিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার প্রশাসনের কর্মকর্তা, ধনকুবের ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপের বিধান রয়েছে। একইসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে ইরানের অস্ত্র ও জ্বালানি খাতের ওপরও সম্প্রসারিত নিষেধাজ্ঞা যুক্ত করা হয়েছে বিলে। তবে জাতীয় স্বার্থের কথা বিবেচনায় প্রয়োজনে এসব নিষেধাজ্ঞা মওকুফের ক্ষমতাও প্রেসিডেন্টের হাতে রাখা হয়েছে।

ভোটাভুটির আগে রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল শুল্ক-সংক্রান্ত ক্ষমতা বাতিলের একটি সংশোধনী প্রস্তাব করলেও তা ব্যর্থ হয়। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বিলটিকে প্রয়াত গ্রাহামের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে অভিহিত করেন। তবে কিছু আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন এই বলে যে, শুল্ক প্রয়োগে প্রেসিডেন্টকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে, যা অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে।

সিনেটে পাসের পর বিলটি এখন যাবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। তবে প্রতিনিধি পরিষদ বর্তমানে পাঁচ সপ্তাহের অবকাশে থাকায় সেখানে বিলটির ভোটাভুটি পিছিয়ে সেপ্টেম্বরের আগে হচ্ছে না। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোট পেলে বিলটি যাবে প্রেসিডেন্টের দপ্তরে, সেখানে তার স্বাক্ষরের মধ্য দিয়েই এটি আইনে পরিণত হবে।

বিলটি চূড়ান্তভাবে আইনে পরিণত হলে রাশিয়ার তেল-গ্যাসের শীর্ষ ক্রেতা হিসেবে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে চীন ও ভারত। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ চলাকালেও রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতা বজায় রাখা আরও কিছু দেশও এই শুল্কের আওতায় আসতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ