হরমুজ প্রণালিতে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক নৌপথ খোলা রাখার বিষয়ে ইরানের প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র। এ দাবিকে সামনে রেখে শনিবার (১১ জুলাই) ওমানে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হরমুজ প্রণালিতে ঘটে যাওয়া নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাগুলোকে ওয়াশিংটন জুন মাসে তেহরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে। ওই চুক্তি অনুযায়ী, প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব ছিল ইরানের।
মার্কিন কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে ইরান ব্যক্তিগতভাবে স্বীকার করেছে যে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাটি ছিল ভুল। তেহরানের ভাষ্য অনুযায়ী, অনুমোদন ছাড়াই একটি উগ্রপন্থী গোষ্ঠী ওই হামলা চালিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এখন চায়, ইরান প্রকাশ্যে একই অবস্থান জানাক এবং ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিক।
জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওমানে আলোচনার আগে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই বার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে হোয়াইট হাউস চায়, তেহরান প্রকাশ্যে ঘোষণা দিক যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য উন্মুক্ত থাকবে।
আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মধ্যপ্রাচ্য কূটনীতিতে সক্রিয় জ্যারেড কুশনার থাকার কথা রয়েছে।
এদিকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানো এবং সামুদ্রিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার কাতারের একটি প্রতিনিধিদল তেহরান সফর করেছে।
গত সপ্তাহে বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার পর শুক্রবার নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। এতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে আরও বড় ধরনের উত্তেজনা এড়ানো সম্ভব হতে পারে বলে আশাবাদ তৈরি হয়েছে।
মতামত দিন