হরমুজ প্রণালী ব্যবস্থাপনা সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানের পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একটি নতুন সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, ‘পারসিয়ান গালফ স্ট্রেইট অথোরিটি’ নামের ওই সংস্থাটি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য ফি আদায় করছে, যা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলছে বলে অভিযোগ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের সামরিক বাহিনী সামুদ্রিক বাণিজ্য থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে রাজস্ব বাড়ানোর চেষ্টা করছে, যা দেশটির অর্থনৈতিক সংকটেরই প্রতিফলন।
ট্রেজারি বিভাগের বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের ফি পরিশোধ করলে সংশ্লিষ্ট পক্ষগুলোও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে, কারণ তা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে পরোক্ষভাবে সহায়তা হিসেবে বিবেচিত হতে পারে।
যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এ পর্যন্ত তারা ইরানকে বিভিন্ন আর্থিক কার্যক্রম থেকে বিলিয়ন ডলারের রাজস্ব আয় থেকে বঞ্চিত করেছে, যার লক্ষ্য দেশটির অস্ত্র কর্মসূচি, সশস্ত্র গোষ্ঠী এবং পারমাণবিক কার্যক্রমে অর্থায়ন সীমিত করা।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার আওতায় তারা নিরাপত্তা ও নেভিগেশন সেবা প্রদান করছে এবং এর জন্য ফি আদায়কে তারা বৈধ হিসেবে বিবেচনা করছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে