নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবারের (৯ অক্টোবর) এ পদক্ষেপে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিরোধ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক ও দক্ষিণ আফ্রিকার আইন বিশেষজ্ঞ নাভি পিল্লে শুক্রবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক অপরাধবিচারে তার অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের আপিল বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রমের বিরোধিতা করে আসছে ট্রাম্প প্রশাসন। এর আগে আদালতের কৌঁসুলি ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। এবারের পদক্ষেপের আওতায় আদালতকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতকে মার্কিন নাগরিকদের বিচার করতে দেবেন না। এ কারণেই যুক্তরাষ্ট্র আদালতটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। আদালতের সঙ্গে লেনদেন বন্ধ করে এর সম্পদ ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা সীমিত করা হবে বলেও জানান তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। এ ছাড়া আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে আদালতের একটি তদন্ত নিয়েও ওয়াশিংটনের আপত্তি ছিল। ওই তদন্ত পরে বন্ধ করে দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত।
মতামত দিন