যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন
একসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হলেও পরে তিনি মার্কিন কংগ্রেসে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও অনুগত মিত্রে পরিণত হন।
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম (৭১) মারা গেছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার দপ্তরের যোগাযোগবিষয়ক পরিচালক জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় স্বল্প সময়ের অসুস্থতার পর গ্রাহাম মারা যান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহাম দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন। তবে পরে তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও কংগ্রেসে তার অন্যতম বিশ্বস্ত সমর্থকে পরিণত হন।
গ্রাহামের দপ্তর এক বিবৃতিতে জানায়, তার পরিবারের পক্ষ থেকে সবার প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।
গ্রাহামের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি ১৯৯৪ সালে সাউথ ক্যারোলাইনার তৃতীয় কংগ্রেসনাল জেলা থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর ২০০২ সালে তিনি মার্কিন সিনেটে নির্বাচিত হন এবং টানা একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে তিনি বরাবরই কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। কূটনৈতিক সমাধানের তুলনায় সামরিক পদক্ষেপকে তিনি বেশি সমর্থন করতেন। তার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন।’
সম্প্রতি গ্রাহাম মার্কিন সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সিনেটের বরাদ্দ, বিচার বিভাগ এবং পরিবেশ ও গণপূর্তবিষয়ক কমিটিতেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অবিবাহিত গ্রাহাম সাউথ ক্যারোলাইনার ছোট শহর সিনেকায় বসবাস করতেন।
মতামত দিন