Views Bangladesh Logo

বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের ওই পোস্টে বাংলাদেশ ও তুরস্কের বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তিকে কোম্পানিটির জন্য ‘ঐতিহাসিক’ দিন হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রপ্তানি ও কর্মসংস্থানের জন্যও চুক্তিটিকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ট্রাম্প।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বুধবার বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বাংলাদেশ। এর আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে। বোয়িংও ১১টি উড়োজাহাজের এ ক্রয়াদেশের বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও মার্কিন বাণিজ্য বিভাগের সহায়তায় তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি উড়োজাহাজ কেনার বিকল্পও রাখা হয়েছে।

ট্রাম্পের দাবি, এই চুক্তির ফলে কয়েক হাজার কোটি ডলারের বিক্রি ও বিপুল মার্কিন রপ্তানি হবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এতে সহায়তা পাবে। আমেরিকায় উৎপাদন, সেখান থেকে রপ্তানি এবং মার্কিন কর্মীদের সহায়তা করলে প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয় বলেও মন্তব্য করেন তিনি।

তুরস্কের ক্ষেত্রে বোয়িংয়ের সঙ্গে চুক্তিতে ১০০টি ৭৩৭-৮ উড়োজাহাজের ক্রয়াদেশ এবং আরও ৫০টি ৭৩৭ ম্যাক্স কেনার বিকল্প রয়েছে। ফলে বাংলাদেশ ও তুরস্কের নিশ্চিত ক্রয়াদেশ মিলিয়ে ১১১টি উড়োজাহাজের হিসাবটি দাঁড়িয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ