Views Bangladesh Logo

ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

অষ্টম দিনে পৌছেঁছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলা। শনিবার (৭ মার্চ) পর্যন্ত দুই দেশই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হবে না।

এরই মধ্যে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ওপর শনিবার রাতে ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।

স্কট বেসেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে ইরানে তিন হাজারের বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, আইআরজিসির কমান্ড সেন্টার এবং সামরিক যোগাযোগ কেন্দ্রগুলোতে ব্যাপক হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র আরও দাবি করেছে, তারা ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস করেছে। প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

এর আগে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ড্যান কেইন জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার ৮৬ শতাংশ কমে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে, মঙ্গলবার সেই হার আরও ২৩ শতাংশ কমেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ