Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্র পরিচালিত ‘অপারেশন সি অ্যাঞ্জেলস’-এর সহায়তার কথা স্মরণ করেন। অ্যাডমিরাল কোহলার জানান, আগামী নভেম্বরে বাংলাদেশে ‘ক্যারাত’ নৌমহড়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সিঙ্গাপুরের ‘সি ভিশন এক্সারসাইজ’-এ বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করে ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম নৌমহড়াগুলোর একটি ‘রিমপ্যাক’-এ বাংলাদেশের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাতে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিসোমিয়া) নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতিও পর্যালোচনা করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং সময়োপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে সেই সম্পর্ক আরও গভীর করার আগ্রহ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব পরিসরে বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে অ্যাডমিরাল কোহলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার আরও অনেক সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। তিনি আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ