ন্যাটো ছাড়ছে না যুক্তরাষ্ট্র: ন্যাটো মহাসচিব
ন্যাটোর মহাসচিব মার্ক রুট জোট থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাহার নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ওয়াশিংটন ন্যাটোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
শনিবার জার্মান গণমাধ্যম ডি ভেল্ট আম জোনটাগ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্ক রুট বলেন, “জোটের মধ্যে দায়িত্ব ভাগাভাগি নিয়ে বিতর্ক চললেও যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাবে—এমন কোনো পরিস্থিতি আমি দেখছি না।”
তবে তিনি জোর দিয়ে বলেন, জোটকে শক্তিশালী করতে ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, “আরও শক্তিশালী ইউরোপ মানেই আরও শক্তিশালী ন্যাটো।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেড়েছে। ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে বলেন, তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সমর্থন দিতে অনীহা দেখিয়েছে।
এছাড়া ট্রাম্প ন্যাটোকে কাগুজে বাঘ বলেও উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রকে জোট থেকে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় রুটে স্বীকার করেন, প্রতিরক্ষা ব্যয় ও প্রতিশ্রুতি পালনের বিষয়ে ন্যাটোর কিছু সদস্য দেশের ওপর ট্রাম্পের হতাশা বোধগম্য।
তবুও তিনি পুনর্ব্যক্ত করেন, ইউরোপের নিরাপত্তার মূল ভিত্তি এখনো যুক্তরাষ্ট্রই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা ছাতা এখনও ইউরোপের জন্য চূড়ান্ত নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে কাজ করছে, যা রাজনৈতিক বক্তব্য সত্ত্বেও ন্যাটোর কৌশলগত স্থিতিশীলতাকে শক্তিশালী করে যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে