হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিলেও ইরানের ওপর ওয়াশিংটনের নৌ অবরোধ বহাল থাকবে।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পৃথক পোস্টে ট্রাম্প বলেন, জলপথটি এখন “ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত”, তবে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ একটি পূর্ণাঙ্গ চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
তিনি লেখেন, “ইরানের সঙ্গে সব ধরনের লেনদেন ও চুক্তি শতভাগ সম্পন্ন হতে হবে, তারপরই কোনো শিথিলতা আসবে।” তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ অধিকাংশ শর্ত ইতোমধ্যে আলোচনা হয়ে গেছে এবং শিগগিরই একটি চূড়ান্ত চুক্তি হতে পারে বলে তিনি আশাবাদী।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তেহরানের ভাষ্য অনুযায়ী, ১০ দিনের এই যুদ্ধবিরতির সময় গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে সব বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে