Views Bangladesh Logo

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা নীতিতে নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাষ্ট্র

বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে নতুন কিছু বিধিনিষেধ যুক্ত করার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন বিধিমালার আওতায় এসব ভিসার মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ করা হবে, যেখানে এতদিন ভিসাগুলো সংশ্লিষ্ট শিক্ষা কার্যক্রম, কর্মসূচি বা চাকরির পুরো সময়কাল পর্যন্ত বৈধ থাকত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এটি দেশটির ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর কার্যকর হবে, তবে এর আগে এই বিধিমালা পর্যালোচনা করে তা বাতিল করার আইনি এখতিয়ার রাখে মার্কিন কংগ্রেস।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে ব্যাপক কঠোরতা আরোপ করেন। তাঁর প্রশাসন বৈধ অভিবাসন ব্যবস্থার ওপরও নজরদারি বাড়িয়েছে। এরই অংশ হিসেবে আদর্শগত অবস্থানের কারণে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি শত শত হাজার অভিবাসীর বৈধ অভিবাসন মর্যাদাও প্রত্যাহার করা হয়েছে।

নতুন বিধিমালায় এফ ক্যাটাগরির শিক্ষার্থী ভিসা এবং জে ক্যাটাগরির সাংস্কৃতিক বিনিময় ভিসার সর্বোচ্চ মেয়াদ চার বছর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আই ক্যাটাগরির বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন হবে। তবে চীনা নাগরিকদের ক্ষেত্রে এ ভিসার মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন নির্ধারণ করা হয়েছে।

যাদের প্রয়োজন হবে, তারা নির্ধারিত প্রক্রিয়ায় ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন বলে জানিয়েছে ডিএইচএস।

নতুন বিধিমালায় স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অনুমতি ছাড়া তাদের শিক্ষাগত উদ্দেশ্য পরিবর্তন বা অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগও সীমিত করা হয়েছে। এছাড়া ডিগ্রি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য বর্তমানে যে ৬০ দিন সময় দেওয়া হয়, তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

সাবেক ডিএইচএস কর্মকর্তা ডগ র‌্যান্ড এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “বেশিরভাগ মার্কিন নাগরিকই আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমানোর পক্ষে। কিন্তু এই বিধিমালা ঠিক তার উল্টো প্রভাব ফেলবে।”

অন্যদিকে, ক্যাটো ইনস্টিটিউটের অভিবাসনবিষয়ক গবেষণা পরিচালক ডেভিড জে. বিয়ার বলেন, “বহু আন্তর্জাতিক শিক্ষার্থী বছরের পর বছর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে। এখন তাদের ডিগ্রি শেষ হওয়ার পর মাত্র ৩০ দিনের মধ্যে চাকরি খুঁজে স্পনসরশিপ নিশ্চিত করতে হবে, নইলে তারা অবৈধ অভিবাসীর ঝুঁকিতে পড়বেন।”

ডিএইচএসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১৮ লাখের বেশি স্টুডেন্ট ভিসায় প্রবেশের ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশেরও বেশি বেশি। একই অর্থবছরে ৫ লাখের বেশি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং ৩৭ হাজার ৩০০ বিদেশি সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে।

সংস্থাটি জানায়, তাদের কাছে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীরা দীর্ঘ কয়েক দশক ধরে এসব ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন।

সূত্র; রয়টার্স

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ