Views Bangladesh Logo

আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের নিয়মে বড় পরিবর্তন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মার্কিন প্রশাসন। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডিওএস) পদ্ধতি বাতিল করে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট মেয়াদভিত্তিক অবস্থান অনুমোদনের চূড়ান্ত বিধিমালা অনুমোদন করেছে হোয়াইট হাউস।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ল’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) প্রস্তাবিত এই নীতির চূড়ান্ত পর্যালোচনা সম্পন্ন করেছে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি)। ফলে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করেছে।

বর্তমানে ‘এফ’ ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া এবং ভিসার শর্ত মেনে চলার ভিত্তিতে অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। তবে নতুন নিয়ম কার্যকর হলে দেশটিতে প্রবেশের সময় শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেয়াদের অনুমতি নির্ধারণ করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাজীবন শেষ না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হবে। অন্যথায় তাদের বৈধ অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে।

নতুন বিধিমালা শুধু ‘এফ’ ভিসাধারী শিক্ষার্থীদের জন্য নয়, ‘জে’ এক্সচেঞ্জ ভিজিটর, ‘আই’ ভিসাধারী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রস্তাবিত নীতির আওতায় বিদ্যমান ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত হবে। এর পরিবর্তে অধিকাংশ শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি দেওয়া হবে, যা সাধারণভাবে চার বছর পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালনায় বর্তমানে যে নমনীয়তা রয়েছে, নতুন নিয়মে তার কিছু ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের ইঙ্গিত দেওয়া হয়েছে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রথম ২০২৫ সালে এই পরিবর্তনের প্রস্তাব দেয়। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়িত হয়নি। এবার হোয়াইট হাউসের চূড়ান্ত পর্যালোচনা শেষ হওয়ায় নীতিটি বাস্তবায়নের সম্ভাবনা অনেক বেড়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন প্রশাসনিক জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে দীর্ঘমেয়াদি ডিগ্রি, গবেষণা প্রকল্প এবং শিক্ষাজীবন শেষে কর্মসংস্থান পরিকল্পনার ক্ষেত্রে অতিরিক্ত অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ওপেন ডোরস’র তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় অংশ ভারতীয় শিক্ষার্থীদের। ফলে নতুন নীতির প্রভাব ভারতীয় শিক্ষার্থীদের ওপর সবচেয়ে বেশি পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর বাড়তি নজরদারি ও অভিবাসনসংক্রান্ত কড়াকড়ির ধারাবাহিকতায় এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাতেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ