ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদই ব্যবহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের অত্যাধুনিক ‘জেএএসএসএম-ইআর’ ক্রুজ মিসাইলের প্রায় পুরো মজুদ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রয়োজন মেটাতে অন্যান্য অঞ্চলের জন্য সংরক্ষিত অস্ত্র ভাণ্ডার থেকেও মিসাইল সরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মার্কিন প্যাসিফিক কমান্ড থেকে এসব মিসাইল সরিয়ে সেন্ট্রাল কমান্ডের অধীন যুদ্ধক্ষেত্র এবং যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে পাঠানো হচ্ছে। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ২৩০০টি জেএএসএসএম-ইআর মিসাইল ছিল। গত চার সপ্তাহে এর মধ্যে ১০০০টির বেশি ব্যবহার করা হয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, এই পরিমাণ মিসাইল দিয়ে সর্বোচ্চ ১৭টি বি-১বি বোমারু বিমানের একটি বড় মিশন পরিচালনা সম্ভব। কিন্তু বর্তমান উৎপাদন সক্ষমতা অনুযায়ী এই ঘাটতি পূরণ করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
যদিও হোয়াইট হাউস দাবি করছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ধ্বংস করা হয়েছে, বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পাশাপাশি একটি এ-১০ অ্যাটাক জেট ও দুটি উদ্ধারকারী হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ১২টির বেশি এমকিউ-৯ ড্রোন ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এতে আকাশপথে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে।
এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশটিকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়া হবে। তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খারগ দ্বীপ দখলের সম্ভাব্য পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।
অন্যদিকে, ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, দেশটি ইতোমধ্যে ১৬০০টি ব্যালিস্টিক মিসাইল এবং ৪০০০-এর বেশি শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে। এসব হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
বিশ্বের বড় প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠানগুলো উৎপাদন বাড়ানোর চেষ্টা করলেও যুদ্ধের তীব্রতার তুলনায় তা যথেষ্ট নয়। ফলে দীর্ঘমেয়াদে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে