Views Bangladesh Logo

ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলার সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬৩ জন। আহতদের মধ্যে ৫০ জনই নারী ও শিশু বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

মঙ্গলবার স্থানীয় সময় দক্ষিণ ইরানের সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে ওই হামলা হয়। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছেন।

হামলার পর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ভবনের দেয়াল ও জানালা বিস্ফোরণে উড়ে গেছে। চারপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। পরে রেড ক্রিসেন্ট বেশ কয়েকজন শিশুর ছবি প্রকাশ করে, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানিয়েছেন, হামলায় ৬৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জন নারী ও শিশু। আহত সবাইকে নিকটবর্তী শহর মিনাবের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্যও প্রকাশ করেছে। ওই শিশু জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই তারা যুদ্ধবিমানের শব্দ শুনতে পায়। সেখানে পৌঁছানোর পরপরই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ইট, পাথর ও সিমেন্টের টুকরো ছিটকে তার মুখ ও মাথায় লাগে। এতে আরও অনেকে আহত হন।

শিশুটির ভাষ্য, তারা সবাই সাধারণ বেসামরিক নাগরিক ছিল।

এদিকে ইরানের খুজেস্তান প্রদেশেও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। প্রদেশটির নিরাপত্তাবিষয়ক উপগভর্নর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, মঙ্গলবারের ওই হামলায় আরও আটজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাম্প্রতিক হামলার চেষ্টার পর ইরানে এসব হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও পাল্টা হামলা শুরু করেছে। স্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম ও জর্ডানের সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী, ইরাক, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ক্রমবর্ধমান এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ