Views Bangladesh Logo

আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মঙ্গলবার (স্থানীয় সময়) এ ঘটনা ঘটে। পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর কূটনৈতিক তৎপরতা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ ঘটনা ঘটল।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানের শাহেদ-১৩৯ মডেলের ড্রোনটি ‘অস্পষ্ট উদ্দেশ্য’ নিয়ে বিমানবাহী রণতরীর দিকে উড়ে আসছিল। আত্মরক্ষার অংশ হিসেবে একটি এফ-৩৫সি যুদ্ধবিমান থেকে ড্রোনটি ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো মার্কিন সেনা বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়ে যায়। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে সেটি কীভাবে ধ্বংস হয়েছে—তা তারা নিশ্চিত করেনি।

ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিশ্লেষকদের মতে, ইরানে গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানের পর—যা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে প্রাণঘাতী অস্থিরতা হিসেবে বিবেচিত—এই উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে একই দিনে পৃথক আরেক ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা একটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ—স্টেনা ইম্পেরেটিভকে হয়রানি করে। অভিযোগ অনুযায়ী, আইআরজিসির দুটি নৌযান ও একটি ড্রোন জাহাজটিকে থামতে ও তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়।

তবে জাহাজটি গতি বাড়িয়ে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ম্যাকফলের পাহারায় যাত্রা অব্যাহত রাখে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ