সোমবার সকাল ১০টা থেকে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরু: সেন্টকম
ইরানের ওপর চাপ বাড়াতে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই অবরোধ কার্যকর করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, ‘আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত সব ইরানি বন্দর এবং উপকূলীয় এলাকায় প্রবেশ বা বের হওয়া সব দেশের জাহাজের বিরুদ্ধে নিরপেক্ষভাবে এই অবরোধ কার্যকর করা হবে। তবে ইরানি বন্দরে যাওয়া বা সেখান থেকে আসা নয় এমন জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে সম্পূর্ণ অবাধে চলাচল করতে পারবে।’
সেন্টকম জানিয়েছে, এই অবরোধ ‘অন্য জাহাজের নৌ-চলাচলের স্বাধীনতা’ বাধাগ্রস্ত করবে না। খবর সিএনএনের।
ট্রাম্প আজ সকালে হরমুজ প্রণালীতে অবরোধের ঘোষণা দেওয়ার পরই মার্কিন সেন্ট্রাল কমান্ডের এই বিবৃতি আসে। ওয়াশিংটন তেহরানের ওপর চাপ আরও বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। এতে আন্তর্জাতিক তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই হুমকির পাল্টা জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হোয়াইট হাউসের কাছাকাছি একটি গ্যাস স্টেশনের জ্বালানির দামের মানচিত্র এক্সে শেয়ার করে তিনি লিখেন, “বর্তমান পেট্রোলের দাম উপভোগ করুন। যাকে ‘অবরোধ’ বলা হচ্ছে, তার ফলে শীঘ্রই আপনারা ৪ থেকে ৫ ডলারের পেট্রোল মিস করবেন।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে