Views Bangladesh Logo

ইরানে আবারও মার্কিন বিমান হামলা

ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তিন দিনের ব্যবধানে ইরানের ওপর এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা হামলার ঘটনা। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, হামলার পাশাপাশি তাদের বাহিনী হরমুজ প্রণালীর আশপাশে হুমকি সৃষ্টি করতে পারে এমন চারটি ইরানি ড্রোনও সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে, গত মঙ্গলবারও দক্ষিণ ইরানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এই হামলাগুলো এমন এক সময়ে চালানো হলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করতে এবং একটি টেকসই যুদ্ধবিরতিতে পৌঁছাতে দুই পক্ষই দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছিল। চলমান এই শান্তি আলোচনার মধ্যেই মার্কিন সামরিক বাহিনীর এমন আগ্রাসী পদক্ষেপ কূটনৈতিক মহলকে বেশ ভাবিয়ে তুলেছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গত বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি মন্তব্য করেন, ইরান ‘প্রায় নিঃশেষিত অবস্থায়’ এই আলোচনা চালাচ্ছে। একই সাথে তিনি সাফ জানিয়ে দেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে তার যুদ্ধ কৌশলে কোনো পরিবর্তন আসবে না বা এটি প্রভাবিত হবে না।

মার্কিন প্রেসিডেন্ট আলোচনার টেবিল ও যুদ্ধক্ষেত্র দুই জায়গাতেই নিজেদের অবস্থান শক্ত রাখার ইঙ্গিত দিয়ে বলেন, ‘হয়তো আমাদের ফিরে গিয়ে এটি (যুদ্ধ) শেষ করতে হবে, আবার হয়তো করতে হবে না।’ ট্রাম্পের এমন মন্তব্যের পর দুই দেশের মধ্যকার চলমান শান্তি আলোচনা এখন ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ