Views Bangladesh Logo

যুদ্ধ শেষ হওয়ার পরও ইরানের তেল নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পরও মার্কিন সেনা প্রত্যাহার না করে দেশটির জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরকালে ট্রাম্প এ আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সাথে চলমান যুদ্ধের অবসান হতে পারে।

আইরিশ ওপেন গলফ টুর্নামেন্টে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম খুব দ্রুত কমে আসবে।

এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত ওঠানামা করতে দেখা গেছে। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার ঘটনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বৃদ্ধির আশঙ্কা করছেন তেল ব্যবসায়ীরা।

ইরানের সাথে সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি কেবল ‘সঠিক চুক্তি’ চাই। আমেরিকার জন্য ভালো নয় এমন কোনো চুক্তি মেনে নেবেন না বলে জানান তিনি।

ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনার জন্য তেহরান ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছে। যদিও ইরানের পক্ষ থেকে এ ধরনের দাবি পূর্বে প্রত্যাখ্যান করা হয়েছিল।

একই সাথে যুদ্ধ থামার পরও ইরানে মার্কিন উপস্থিতি বজায় রাখার সম্ভাবনার কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। গত আগস্টে ভেনেজুয়েলার সাথে স্বাক্ষরিত তেল চুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প ইঙ্গিত দেন, ওয়াশিংটন ইরানেও একই ধরনের পদক্ষেপ নিতে পারে।

ট্রাম্প বলেন, অবশেষে আমরা ইরান ত্যাগ করব। কিন্তু আমরা যদি ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান করে দেশটির তেল সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেই, তবে বিষয়টি ভিন্ন রূপ নেবে।

তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে পরিমাণ রাজস্ব আয় করেছে, তা দিয়ে যুদ্ধের সমস্ত খরচ কয়েকগুণ উঠে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ