ভবিষ্যতে ন্যাটোকে সহায়তা নাও করতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন হলেও ওয়াশিংটন ন্যাটো মিত্রদের সহায়তায় নাও এগোতে পারে।
তিনি বলেন, তারা যদি আমাদের পাশে না থাকে, তাহলে আমরা কেন তাদের পাশে থাকব?
শুক্রবার মিয়ামিতে এক বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে তিনি ন্যাটো সদস্যদের প্রতি অসন্তোষ পুনর্ব্যক্ত করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর শত শত কোটি ডলার ব্যয় করে ন্যাটো দেশগুলোকে সুরক্ষা দেয়, অথচ সংকটের সময় তারা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায় না।
তিনি আরও বলেন, আমরা সবসময় তাদের পাশে ছিলাম, কিন্তু এখন তাদের আচরণের কারণে মনে হয় আমাদের আর বাধ্যবাধকতা নেই।
এর আগের দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ন্যাটোর ওপর আর নির্ভর করার কিছু নেই।
সম্প্রতি ইরান ইস্যুতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প পশ্চিমা মিত্রদের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তা না দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযানের পর এক মাস ধরে চলমান সংঘাতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে মিত্রদের সেনা পাঠাতে অনীহাকে কেন্দ্র করে এ উত্তেজনা তৈরি হয়।
এদিকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও জাপানসহ কয়েকটি দেশ জানিয়েছে, তারা ‘উপযুক্ত উদ্যোগে অবদান রাখতে প্রস্তুত’, তবে এখনো কোনো সামরিক প্রতিশ্রুতি দেয়নি।
এর আগে ট্রাম্প ন্যাটোকে ‘কাপুরুষ’ বলে আখ্যা দেন এবং যুক্তরাষ্ট্র ছাড়া এই জোটকে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে