ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মাসুদ পেজেশকিয়ান
কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের আস্থা ‘পুরোপুরি নষ্ট’ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। আনাদোলু নিউজ এজেন্সি ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রেস টিভির উদ্ধৃতি দিয়ে পেজেশকিয়ান জানান, ইরান বরাবরই সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দিয়ে এসেছে। তবে তাঁর অভিযোগ, বিগত দিনের আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র এবং তাদের ভাষায় ‘জায়নবাদী শাসকগোষ্ঠী’ হামলা চালিয়েছিল। এ ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পেজেশকিয়ান আরও যোগ করেন, ওয়াশিংটনের ওপর ইরান আর নির্ভর করতে পারছে না।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের একপর্যায়ে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেয়, যা বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করে।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দু’পক্ষের প্রতিনিধিদল।
পরবর্তীতে পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান; যদিও এই স্থিতাবস্থা কতদিন বজায় থাকবে, তা স্পষ্ট করা হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে