Views Bangladesh Logo

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ওপর মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ বাতিল

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মার্কিন ফেডারেল আদালতের এক ঐতিহাসিক রায়ের পর এ সিদ্ধান্ত কার্যকর করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

এর ফলে বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য পুনরায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং পরবর্তী সময়ে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ তৈরি হলো। তবে মার্কিন অভিবাসী ভিসা অনুমোদনের জন্য আবেদনকারীদের ভিসা-সংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে।

আদালতের দেওয়া রায়ের নির্দেশনায় গত ২১ আগস্ট থেকে এ স্থগিতাদেশ বাতিল করা হয়। পরবর্তীতে ২৮ আগস্ট হালনাগাদ করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের তারা বিজ্ঞ বিচারক জেনেট ভার্গাস সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে রায় দেন। ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের আনা মামলার ভিত্তিতে প্রদত্ত এ রায়ে আদালত জানান, কেবল নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে দেওয়া অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর অর্পিত ক্ষমতার পরিপন্থী।

চলতি বছরের জানুয়ারিতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের অজুহাতে ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করেছিল পররাষ্ট্র দপ্তর। তবে এই স্থগিতাদেশ চলাকালে পূর্বে ইস্যু করা ভিসা বাতিল করা হয়নি এবং নতুন আবেদন ও সাক্ষাৎকারের সুযোগও অব্যাহত ছিল। মূলত ভিসা আবেদনের চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যু করার ওপরই স্থগিতাদেশটি কার্যকর ছিল।

এ আদেশের আওতায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ