Views Bangladesh Logo

ইরানের ৯০টি সামরিক স্থাপনায় মার্কিন বিমান হামলা

হরমুজ প্রণালি ও ইরানের দক্ষিণ উপকূলে নতুন করে প্রায় ৯০টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই আকস্মিক অভিযানের পর উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিবৃতিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সামরিক প্রশাসনের দাবি, পারস্য উপসাগর তীরবর্তী ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতেই এ হামলা চালানো হয়েছে।

এর ঠিক আগের দিন ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ওয়াশিংটন। সেই হিসাবে গত ৪৮ ঘণ্টায় দেশ দুটির মধ্যে চলমান সংঘাতের জেরে ইরানি ভূখণ্ডে প্রায় ১৭০টি স্থাপনা মার্কিন হামলার শিকার হলো।

সেন্টকমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই অভিযানে ইরানের দক্ষিণ উপকূলজুড়ে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতগার, নৌঘাঁটি এবং সামরিক সরবরাহ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি করিডোর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও বেসামরিক জাহাজগুলোকে হুমকির মুখে ফেলার ইরানের ক্ষমতাকে দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে।

এদিকে মার্কিন আগ্রাসনের জবাবে বৃহস্পতিবার ভোরে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

দুই পক্ষের এমন চরমমুখী অবস্থানে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ