ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত সামরিক অভিযান, ট্রাম্পের ঘোষণা-‘বড় ধরনের যুদ্ধ চলছে’
ইরানের বিরুদ্ধে সমন্বিত সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করে বলেছেন, ইরানে 'বড় ধরনের যুদ্ধ অভিযান' পরিচালিত হচ্ছে।
এই হামলা এমন এক সময় শুরু হলো, যখন নতুন পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ছিল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ট্রাম্প জানান, চলমান পারমাণবিক আলোচনায় ইরানের অবস্থান নিয়ে তিনি অসন্তুষ্ট।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামলাকে 'প্রতিরোধমূলক' পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় তিনি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইসরায়েলের প্রাথমিক হামলার পর যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে হামলা চালাচ্ছে। আরেক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, যৌথ মার্কিন-ইসরায়েলি বিমান অভিযানের মূল লক্ষ্য ইরানের নিরাপত্তা অবকাঠামো দুর্বল করা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাজধানী তেহরানে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে এবং অন্তত পাঁচটি শহরে বিস্ফোরণের খবর মিলেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশিত হয়নি।
পরিস্থিতির প্রেক্ষিতে ইরান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখওয়ান মেহর নিউজ এজেন্সিকে জানিয়েছেন, সারা দেশে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
এদিকে হামলার পর ইরাকও নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ইরাকি নিউজ এজেন্সি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে