মুক্তিযোদ্ধাদের ডেটাবেইজ তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল ডিজিটাল ডেটাবেইজ তৈরিতে প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।
সোমবার মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবারের কল্যাণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
আলোচনায় মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির অগ্রগতি তুলে ধরে মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন সুনির্দিষ্ট পরিসংখ্যানগত পদ্ধতির অভাবে একটি সর্বজনগ্রাহ্য ডেটাবেইজ তৈরি সম্ভব হয়নি। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্রোফাইলিংয়ের মাধ্যমে সঠিক তালিকা চূড়ান্ত করার কাজ চলছে।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদে আইসিটির ব্যবহার এবং জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ইতিহাস সংরক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮৪৩ জন এবং আহত ১৫ হাজার ৩০ জনের তথ্য নিয়ে একটি বিস্তারিত ডেটাবেইজ তৈরি করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় বিশেষায়িত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ কাজ করছে।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ এবং যুগ্মসচিব (সংযুক্ত) জেহাদ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন