Views Bangladesh Logo

ট্রাম্পের হোয়াইট হাউসের মিডিয়া নিষেধাজ্ঞা স্থগিত, প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ

হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। একই সঙ্গে তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেস পাস অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন জেলা বিচারক টিমোথি কেলি। তাঁর আদেশ অনুযায়ী, আগামী ১৪ দিন নিষেধাজ্ঞাটি কার্যকর করা যাবে না।

গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাও ও পলিটিকোর হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিল করে। এরপর তিন সংবাদমাধ্যম যৌথভাবে আদালতের দ্বারস্থ হয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানায়। তাদের অভিযোগ ছিল, প্রেস পাস বাতিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং তাদের ন্যায্য আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

বুধবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে এ বিষয়ে শুনানি হয়। সেখানে বিচারক কেলি প্রশ্ন তোলেন, সাংবাদিকদের স্থায়ী প্রেস পাস বাতিলের আগে তাদের যথাযথ নোটিশ ও নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছিল কি না। তিনি আগের কয়েকটি আদালতের রায়ের উল্লেখ করে বলেন, হোয়াইট হাউসের প্রেস পাস বাতিলের আগে সংশ্লিষ্ট সাংবাদিকদের যথাযথ প্রক্রিয়ার সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে।

আদালতের আদেশে বলা হয়েছে, তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হার্ড পাস অবিলম্বে ফিরিয়ে দিতে এবং পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের আগামী ১৪ দিন এই নিষেধাজ্ঞা কার্যকর করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সাময়িক নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আদালতে যুক্তি দেওয়া হয়েছিল, হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশাধিকার কোনো মৌলিক অধিকার নয়, বরং বিশেষ সুযোগ। সরকারের আইনজীবীরা আরও দাবি করেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে বিচারক কেলি এই যুক্তির পক্ষে নথিপত্রে পর্যাপ্ত প্রমাণ দেখতে পাননি বলে আদালতের আদেশে উল্লেখ করেন।

অন্যদিকে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে অসত্য ও কাল্পনিক তথ্য প্রচারের অভিযোগ তোলেন এবং তাদের হোয়াইট হাউসে প্রবেশ বন্ধের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তবে আদালতে সংবাদমাধ্যমগুলোর আইনজীবীরা বলেন, তাদের কোনো কার্যকর আগাম নোটিশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়েই প্রেস পাস বাতিল করা হয়েছিল।

মামলাটিতে সংবাদমাধ্যমগুলোর পক্ষে অবস্থান নিয়েছে আরও কয়েকটি বড় গণমাধ্যম ও সাংবাদিক অধিকার সংগঠন। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যম অধিকার সংগঠন আদালতে আবেদন করেছে। তাদের বক্তব্য, কোনো সংবাদমাধ্যমের সম্পাদকীয় অবস্থান বা প্রতিবেদনের ধরন পছন্দ না হওয়ার কারণে সরকারি প্রবেশাধিকার সীমিত করা হলে তা সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন তৈরি করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ