পররাষ্ট্রনীতিবিষয়ক শেষ ভাষণ
আগের তুলনায় যুক্তরাষ্ট্র এখন বেশি শক্তিশালী, শত্রুরা দুর্বল: বাইডেন
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে পররাষ্ট্র নীতিবিষয়ক শেষ ভাষণ দিয়েছেন বর্তমান প্রেসেডেন্ট জো বাইডেন।
সোমবার (১৩ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাইডেন তার ভাষণে বলেছেন, ‘এ চার বছরে আমরা সংকটের মুখোমুখি হয়েছি, আমাদের পরীক্ষা দিতে হয়েছে। আমি মনে করি, আমরা যে অবস্থায় পরীক্ষা শুরু করেছিলাম, তার চেয়ে শক্তিশালী রূপে বের হয়ে এসেছি।’
বাইডেন বলেন, ‘আমরা একটি বাঁকবদলের মুখে দাঁড়িয়ে আছি। শীতলযুদ্ধ–পরবর্তী যুগের অবসান হয়েছে। একটি নতুন যুগের সূচনা হয়েছে। সামনের মাস ও বছরগুলোতে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। তবু এটা স্পষ্ট, আমার প্রশাসন পরবর্তী প্রশাসনকে খুব শক্তিশালী অবস্থানে রেখে যাচ্ছে।’
বাইডেন জানান, তিনি যখন হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন, সেই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন বেশি শক্তিশালী এবং শত্রুরা এখন বেশি দুর্বল।
বাইডেন দাবি করেছেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত, অর্থনীতি ও চীনের বিপরীতে মার্কিন কৌশলগত অবস্থান শক্তিশালী হয়েছে।
রাশিয়া আক্রমণ করার পর ইউক্রেনের জন্য ন্যাটোর সমর্থন জোগাড় করতে তার প্রশাসন যে ভূমিকা রেখেছে, সেটিরও প্রশংসা করেছেন বাইডেন।
বাইডেন বলেন, ‘তিনিই কয়েক দশকের মধ্যে প্রথম প্রেসিডেন্ট, যিনি উত্তরসূরির জন্য কোনো যুদ্ধ রেখে যাচ্ছেন না আফগানিস্তানে।’
ভাষণে বাইডেন তার গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়েও কথা বলেন। গত বছর জুনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই পরিকল্পনা অনুমোদন পায়। কিন্তু এখনো কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি।
গাজা পরিস্থিতি নিয়ে বাইডেন বলেন, ‘অনেক নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনি জনগণের শান্তি প্রাপ্য।’ এদিন চীন, রাশিয়াসহ অন্যান্য দেশ নিয়েও কথা বলেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে