Views Bangladesh Logo

হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

দীর্ঘ উত্তেজনা ও হামলার হুমকির আবহের মধ্যেই আবারও পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের এক আরব কর্মকর্তার বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একজন আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, এ আলোচনায় সৌদি আরব ও মিশরসহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।


ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের বিরোধের পর নতুন করে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা কমাতে চায় ওয়াশিংটন ও তেহরান। জানা গেছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তাম্বুল বৈঠকে অংশ নেবেন।


উত্তেজনা প্রশমনে তুরস্ক ও অন্যান্য আঞ্চলিক দেশও সক্রিয় ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কূটনীতিক সূত্র জানায়, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি দ্বিপাক্ষিক, ত্রিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হতে পারে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তিক্ততা বিরাজ করছে। গত বছরের জুনে এ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনাপূর্ণ সংঘাতও হয়েছিল। ১২ দিনব্যাপী সেই সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে যায়।

তবে যুদ্ধবিরতির পরও ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক স্বাভাবিক হয়নি। বরং গত জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় যুদ্ধজাহাজের বড় বহর মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ায়।

এর মধ্যে গত ১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি আশা করেন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানান, কয়েকটি মিত্র দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। তিনি বলেন, তারা আমাদের মধ্যে আস্থা গড়ে তুলতে কাজ করছে। বিষয়টি কঠিন হলেও চেষ্টা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচক দল যদি ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব নিয়ে আসে, তাহলে আলোচনা পুনরায় শুরু হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ