Views Bangladesh Logo

চূড়ান্ত পর্যায়ে ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি: ট্রাম্প

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়েছে। দুই দেশই সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের সঙ্গে আগে হওয়া বাণিজ্যচুক্তিগুলোর তুলনায় ভারতের সঙ্গে প্রস্তাবিত চুক্তির ধরন ভিন্ন হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভারত একটি চুক্তি করতে চায়, যুক্তরাষ্ট্রও তাতে সম্মত। দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে চুক্তির শর্ত, কাঠামো কিংবা কোন কোন খাতে নতুন সিদ্ধান্ত আসতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও। বর্তমানে ভারত সফরে থাকা রুবিও মঙ্গলবার মুম্বাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, চুক্তি সম্পন্ন করতে এখনো অল্প কয়েকটি বিষয় নিষ্পত্তি করা বাকি। সেগুলোর সমাধান শিগগিরই হবে বলে আশা করছেন তিনি।

বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশের আলোচনা দীর্ঘদিন ধরে চললেও যুক্তরাষ্ট্রের শুল্কনীতির পরিবর্তন এবং বাজারে প্রবেশাধিকার নিয়ে মতপার্থক্যের কারণে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্কের হার এবং দেশটির কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার সুরক্ষার বিষয়গুলো আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি রাশিয়া থেকে ভারতের জ্বালানি আমদানি নিয়েও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

চলতি মাসের শুরুতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। মিলওয়াকি ও ওয়াশিংটনে অনুষ্ঠিত এসব আলোচনায় প্রস্তাবিত চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির প্রথম ধাপের কাঠামো চূড়ান্ত করার ঘোষণা দিয়েছিল।

তবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে পরিবর্তন আসায় আলোচনা নতুন করে এগিয়ে নিতে হয়।বাণিজ্যের পাশাপাশি জ্বালানি, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করছেন দুই দেশের কর্মকর্তারা। রুবিওর ভারত সফরে এসব খাতে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে অগ্রগতি থাকলেও এর চূড়ান্ত শর্ত এবং স্বাক্ষরের নির্দিষ্ট সময় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ