স্বাধীনতা দিবসে নিউইয়র্কে বন্দুক হামলা, ৮ জন গুলিবিদ্ধ
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে (গ্রিনিচ মান সময় রোববার ভোর ০২টা ৩৭) ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিটে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, আহতদের মধ্যে রয়েছেন দুজন পুরুষ, দুজন নারী এবং চার শিশু। শিশুদের বয়স ১৪, ১২, ৭ ও ৬ বছর। সকলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল, তবে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
এনওয়াইপিডি জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনও কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। ক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের দিনে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো সাড়া দেয়নি নিউইয়র্ক পুলিশ।
সূত্র: রয়টার্স
মতামত দিন