হরমুজ প্রণালি অবরোধ পরিকল্পনা ‘অবৈধ ও জলদস্যুতা’: ইরান
যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধের পরিকল্পনাকে ‘অবৈধ’ ও ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইরানের বন্দরগুলো হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর ও আরব সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।
ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আনবিয়া এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের বাধা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা জলদস্যুতার শামিল।
এর আগে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরোধ করবে। একই সঙ্গে ইরানের সব বন্দর ঘিরে নৌ অবরোধ শুরুর কথাও জানায় মার্কিন সামরিক বাহিনী।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ কার্যকর হলেও ইরান ছাড়া অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না।
সাম্প্রতিক সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনেকটাই সীমিত হয়ে পড়েছে। এই প্রণালী বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।
এদিকে অবরোধ পরিকল্পনার সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই প্রণালীর নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে জরুরি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যেও এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলেস এ পরিকল্পনাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য এই অবরোধে অংশ নেবে না এবং তারা নতুন করে সংঘাতে জড়াতে চায় না।
উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো বজায় রয়েছে, যদিও উত্তেজনা পুরোপুরি কমেনি।
মতামত দিন