Views Bangladesh Logo

নেপালে ভয়াবহ বন্যায় ৫ লাখ ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নেপালের রাসুয়া জেলায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহের লক্ষ্যে ৫ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা নেপালের সার্বিক বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহায়তা দিতে ইতিপূর্বে একজন উপদেষ্টা মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষদের জরুরি আশ্রয়, ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করতে ‘ক্যাথলিক রিলিফ সার্ভিসেস’-এর বৈশ্বিক তহবিলের মাধ্যমে ৫ লাখ মার্কিন ডলারের জরুরি আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

এদিকে কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাস বন্যাকবলিত এলাকাগুলো থেকে নিজ দেশের নাগরিকদের খুঁজে বের করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে কাজ করছে।

জরুরি সহায়তার জন্য নেপালে অবস্থানরত আমেরিকান নাগরিকদের দূতাবাসের নির্দিষ্ট ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত আপডেট তথ্য পেতে মার্কিন নাগরিকদের স্থানীয় খবরে নজর রাখতে ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ