নিরাপত্তা ঝুঁকিতে কুয়েতে মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ
উচ্চ নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কুয়েতে মার্কিন দূতাবাসের কর্মীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার (ইভাকুয়েশন) নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস ত্যাগের সঙ্গে সঙ্গে কর্মীদের স্পর্শকাতর তথ্য ধ্বংস এবং ক্লাসিফাইড সার্ভার সম্পূর্ণ মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিকবার হামলার শিকার হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা দিয়েছিল কুয়েত দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, 'যদিও এখন পর্যন্ত কোনো আমেরিকান নাগরিক আহত হয়নি, বিদেশে থাকা নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।'
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ায় অঞ্চলটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। ওই ধারাবাহিকতায় দূতাবাসের ওপর একাধিক হামলার পর কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে