কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ধরনের নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে।
এর আগে কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে হামলার ঘটনা ঘটে। ২ মার্চ সংঘটিত ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন সামরিক রসদের মজুত রয়েছে, যা দিয়ে ‘চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব।’
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের কাছে এই অস্ত্রের প্রায় অসীম মজুত আছে। যুক্তরাষ্ট্র অস্ত্রে সমৃদ্ধ এবং বড় বিজয় নিশ্চিত করতে প্রস্তুত।’
ওয়াশিংটন ডিসি সময় মধ্যরাতে (গ্রিনিচ মান সময় ভোর ৫টা) তিনি পোস্টটি দেন।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার পূর্বসূরী জো বাইডেন ইউক্রেনকে অতিরিক্ত পরিমাণে অত্যাধুনিক মার্কিন অস্ত্র সরবরাহ করেছেন।
বাইডেন প্রশাসনের শেষ দিকে ইউক্রেনকে দীর্ঘপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছিল, যা প্রায় ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে