Views Bangladesh Logo

গুপ্তচরবৃত্তি ও নিরাপত্তা শঙ্কায় চীনের উপহার ডাস্টবিনে ফেলে দিল যুক্তরাষ্ট্র

গুপ্তচরবৃত্তি ও নিরাপত্তা শঙ্কার কারণে চীনের দেওয়া সব উপহার ডাস্টবিনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সফরসঙ্গীরা বেইজিং সফর শেষে বিমানে ওঠার আগে চীনের দেওয়া বিভিন্ন উপহার—বার্নার ফোন, পরিচয়পত্র, ব্যাজ, প্রেস আমন্ত্রণপত্র ও স্মারক—ডাস্টবিনে ফেলে দেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা ও সিক্রেট সার্ভিসের নির্দেশে এসব সামগ্রী বিমানে নেওয়া হয়নি। কারণ হিসেবে সম্ভাব্য নজরদারি, ট্র্যাকিং ডিভাইস বা সাইবার নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা উল্লেখ করা হয়।

একাধিক সূত্রের বরাতে জানা যায়, সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে চীনা উৎসের সব সামগ্রী কঠোরভাবে আলাদা করে নিষ্পত্তি করা হয়, যাতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকে।

নিউইয়র্ক পোস্টের হোয়াইট হাউস সংবাদদাতা এমিলি গডিন জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা উৎসের কোনো জিনিস বিমানটিতে নেওয়ার অনুমতি ছিল না। বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করে হোয়াইট হাউস নিরাপত্তা বিভাগ ও সিক্রেট সার্ভিস।

এ ঘটনায় হোয়াইট হাউসের নিরাপত্তা নীতিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি, গুপ্তচরবৃত্তি ও সাইবার নিরাপত্তা নিয়ে উত্তেজনা চলছে, যা এই ধরনের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আমরাও তাদের ওপর ব্যাপকভাবে গুপ্তচরবৃত্তি করি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ