সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
সিরিয়া থেকে ধাপে ধাপে নিজেদের সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন সামরিক ঘাঁটি খালি করে তা সিরীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এক যুগ আগে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর উত্থানের পর সিরিয়ায় একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে আইএস দ্রুত বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় এবং সিরিয়া ও ইরাকের অংশজুড়ে নিজেদের তথাকথিত রাষ্ট্র ঘোষণা করে। সেই প্রেক্ষাপটে আইএস দমনে সিরিয়ায় প্রায় দুই হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়।
বর্তমানে সিরিয়ার বিভিন্ন ঘাঁটিতে আনুমানিক এক হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। তাদের সবাইকে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আইএস বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হলেও বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় পরিবর্তিত হয়েছে। সিরিয়ায় এখন একটি স্থিতিশীল সরকার রয়েছে এবং আইএসের প্রভাবও আগের মতো শক্তিশালী নয়।
তিনি আরও জানান, ইতোমধ্যে একটি সেনা দলকে ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট সামরিক ঘাঁটি সিরীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে আইএসের যেকোনো হুমকির জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে