মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির মামলা খারিজ
যুক্তরাষ্ট্রে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে করা ঘুষ ও জালিয়াতির মামলা আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিয়েছেন আদালত। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ প্রত্যাহারের আবেদনের পর স্থানীয় সময় সোমবার ব্রুকলিনের ফেডারেল আদালত এ সিদ্ধান্ত দেন।
আদালতের নথি অনুযায়ী, গত মে মাসে মামলাটি বাতিলের আবেদন জানিয়েছিলেন মার্কিন প্রসিকিউটররা। পরে ফেডারেল বিচারক নিকোলাস গারাউফিস সেই আবেদনে অনুমোদন দিয়ে মামলাটি খারিজ করেন।
২০২৪ সালে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছিল, ভারতের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে সৌরবিদ্যুৎ সরবরাহের একটি লাভজনক চুক্তি পাওয়ার জন্য ২৬ কোটি ৫০ লাখ ডলারের একটি পরিকল্পনায় যুক্ত ছিলেন আদানি। ওই প্রকল্পে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের অর্থ বিনিয়োগ করা হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদানির আইনজীবী রবার্ট জিউফ্রা গত এপ্রিলে মার্কিন বিচার বিভাগের কর্মকর্তাদের জানিয়েছিলেন, অভিযোগ প্রত্যাহার করা হলে আদানি যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত। এই প্রতিশ্রুতির সঙ্গে মামলা প্রত্যাহারের কোনো সম্পর্ক রয়েছে কি না, শুরুতে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারক।
তবে পরবর্তী সময়ে বিচারক গারাউফিস সিদ্ধান্তে পৌঁছান যে, সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি প্রসিকিউশনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের অংশ ছিল না। ফলে আদানির বিরুদ্ধে চলমান মামলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়।
মামলা খারিজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গৌতম আদানি। তিনি বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কঠিন সময়েও সত্য, ন্যায়বিচার ও আইনের শাসনের ওপর তাদের বিশ্বাস অটুট ছিল। ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী আদানি গ্রুপ বন্দর, বিদ্যুৎ, সিমেন্ট ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি করপোরেট জালিয়াতির অভিযোগ ও শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের মুখেও পড়েছে।
মতামত দিন