ইরান যুদ্ধে ২৩৮ মিলিয়ন ডলারের ড্রোন হারানোর কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে প্রায় ২৩৮ মিলিয়ন ডলার মূল্যের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন হারানোর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন নৌবাহিনীর সেফটি কমান্ড জানিয়েছে, গত ৯ এপ্রিল এমকিউ ফোরসি ট্রিটন মডেলের ড্রোনটি নিখোঁজ হয়। এ ঘটনাটি ‘ক্লাস এ মিশ্যাপ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এতে তাদের ২০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের দিকে অগ্রসর হচ্ছিল। এটি ইরানের ভেতরে বিধ্বস্ত হয়েছে—এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় সামুদ্রিক নজরদারি মিশনে ছিল। এ সময় এটি হঠাৎ করেই অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো থেকে অদৃশ্য হয়ে যায়।
ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটি থেকে উড্ডয়ন করা নর্থরপ গ্রুম্যান নির্মিত এই ড্রোনটি ৫০ হাজার ফুট উচ্চতায় টানা ২৪ ঘণ্টার বেশি উড়তে সক্ষম।
ড্রোনটির নিখোঁজ হওয়ার কারণ বা ধ্বংসাবশেষ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি মার্কিন নৌবাহিনী।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে একাধিক বিমান ও ড্রোন সংক্রান্ত ক্ষতির মুখে পড়েছে মার্কিন বাহিনী।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে