খারগ দ্বীপে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের উপকূলে হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত খারগ দ্বীপের সামরিক স্থাপনায় শক্তিশালী বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা পরিচালনা করেছে। এতে ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে দ্বীপটির তেল অবকাঠামোতে হামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। তার ভাষ্য, আপাতত তেল স্থাপনাগুলো অক্ষত রাখা হয়েছে। কিন্তু ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে এই সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করা হবে।
এ সময় ট্রাম্প ইরানকে অস্ত্র সমর্পণের আহ্বানও জানান। তিনি বলেন, ইরানের যা অবশিষ্ট আছে—যা খুব বেশি নয়—তা সংরক্ষণ করতে হলে তাদের অস্ত্র জমা দেওয়া উচিত।
এদিকে গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় ইরানে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে