ইরানের সাবমেরিনসহ ১৭ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে টানা চার দিনের অভিযানে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, সহজভাবে বলতে গেলে, যেসব বস্তু থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসতে পারে— আমরা সেগুলোতেই হামলা চালিয়েছি। আমাদের বি-১ ও বি-২ যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।
তিনি আরও দাবি করেন, গত কয়েক দশক ধরে ওই তিনটি সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজে হয়রানি চালিয়ে আসছিল ইরান। এখন সেখানে কোনো ইরানি জাহাজ নেই বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের দাবি, এ অভিযানে ৫০ হাজারের বেশি সেনা ও ২০০-এর বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবারের বার্তায় অ্যাডমিরাল কুপার আরও জানান, গত চার দিনে ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন
মতামত দিন