চীনের প্রযুক্তিগত অগ্রগতির খবরে ওয়াল স্ট্রিটে চিপ কোম্পানির শেয়ারদরে পতন
চীনের সেমিকন্ডাক্টর শিল্পে সম্ভাব্য বড় প্রযুক্তিগত অগ্রগতির খবরে যুক্তরাষ্ট্রের শীর্ষ চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারদর সোমবার ওয়াল স্ট্রিটে উল্লেখযোগ্যভাবে কমেছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রতিষ্ঠান সাংহাই ইউলিয়াংশেং (Shanghai Yuliangsheng) নিজস্ব ইমারশন ডিপ আল্ট্রাভায়োলেট (DUV) লিথোগ্রাফি মেশিন তৈরি করছে।
লিথোগ্রাফি প্রযুক্তির মাধ্যমে অতিবেগুনি (UV) আলো ব্যবহার করে সিলিকন ওয়েফারের ওপর অতি সূক্ষ্ম সার্কিট অঙ্কন করা হয়, যা সেমিকন্ডাক্টর চিপ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।
বার্তা সংস্থা এএফপি জানায়, এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ইউলিয়াংশেং, সিকারিয়ার (SiCarrier) এবং হুয়াওয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্লেষকদের মতে, চীন যদি নিজস্ব DUV লিথোগ্রাফি মেশিন সফলভাবে উৎপাদন করতে পারে, তাহলে ইউরোপীয় কোম্পানি এএসএমএল (ASML)-এর ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বর্তমানে রপ্তানি নিয়ন্ত্রণের কারণে চীনের কাছে উন্নত লিথোগ্রাফি যন্ত্রপাতি সরবরাহ সীমিত রয়েছে।
এ ধরনের প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করলে চীনের চিপ শিল্প আরও দ্রুত প্রসেসর উন্নয়ন ও উৎপাদন করতে পারবে। ফলে যুক্তরাষ্ট্রের শীর্ষ চিপ নির্মাতাদের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধানও কিছুটা কমে আসতে পারে। একই সঙ্গে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতও আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
এই খবরে সোমবার লেনদেনে যুক্তরাষ্ট্রের বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে নেতিবাচক প্রভাব পড়ে। এএমডি (AMD)-র শেয়ার সর্বোচ্চ ৮ শতাংশ, এনভিডিয়া (Nvidia)-র প্রায় ৫ শতাংশ, মাইক্রন (Micron)-এর ৫ শতাংশ এবং ইন্টেল (Intel)-এর শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যায়।
মতামত দিন