বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে ভিন্নমত ও বিরোধী কণ্ঠস্বরসহ সবার জন্য 'মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সমিতি করার অধিকার' সমুন্নত রাখা এবং রক্ষার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১২ নভেম্বর) ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান বেদান্ত প্যাটেল বলেন, 'দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সব বাংলাদেশির জন্য এই স্বাধীনতাগুলো বজায় রাখা এবং রক্ষা করা প্রয়োজন'।
তিনি বলেন, নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ তাদের সকল অংশীদারদের কাছে এই সহায়তার কথা জানিয়ে আসছেন তারা।
মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্নমত ও বিরোধী কণ্ঠস্বরসহ সবার সমিতি করার অধিকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্যাটেল।
'এই স্বাধীনতাগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে যেকোনো গণতন্ত্রের অপরিহার্য উপাদান'- বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, প্যাটেল বলেন, তিনি সেই প্রতিবেদনটি দেখেননি।
'যদি সত্য হয়, তবে এটি দুর্ভাগ্যজনক হবে'- তিনি মন্তব্য করেন। জানান, এটি তাদের 'দৃঢ় দৃষ্টিভঙ্গি' যে বাংলাদেশের পরিস্থিতিসহ যেকোনো পরিস্থিতি কাভারে 'নিয়োজিত মুক্ত সংবাদপত্র' অপরিহার্য।
প্যাটেল জোর দিয়ে বলেন, পররাষ্ট্র দপ্তরের মতে, মার্কিন রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী উভয়ের কাছেই প্রেস ও গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ।
'আমরা উৎসাহিত করবো এবং নিশ্চিত করতে চাই যে, সমস্ত সাংবাদিকদের অধিকার এবং স্বাধীনতাকে যথাযথভাবে সম্মান করা হচ্ছে'- বলেন প্যাটেল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে